ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় মঙ্গলবার যাত্রীবাহী বাস খালে পড়ে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০।
এনডিটিভি সূত্র মতে, ভুবনেশ্বর থেকে হায়দরাবাদের দিকে যাওয়ার পথে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ভোর সাড়ে ৫টায় সেতুর ডিভাইডার পার হতে গিয়ে যাত্রীবাহী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
যদিও বাসযাত্রীদের একাংশের অভিযোগ, ভোরের দিকে প্রায় ঘুমিয়ে পড়েছিলেন বাসচালক। সেই কারণেই বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার জেরে বাসের সামনের দিক পুরোপুরি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
আশঙ্কা করা হচ্ছে, এখনো কয়েক জন যাত্রী বাসে ভিতরে আটকে রয়েছেন।
এদিকে, গ্যাসকাটারের সাহায্যে বাসের অংশ কেটে বাসের যাত্রীদের বের করার চেষ্টা করছে উদ্ধারকারী দল।