প্রেসিডেন্ট নির্বাচনের সময় রুশ কূটনীতিকের সঙ্গে বৈঠকের খবর প্রকাশ হওয়ার পর সমালোচনার মুখে থাকা মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্সের পক্ষে সাফাই গাইলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেশন্সকে 'সৎ মানুষ' হিসেবে আখ্যায়িত করেন তিনি।
ট্রাম্প বলেন, তিনি হয়তো স্পষ্ট করে অভিযোগের ব্যাখ্যা দিতে পারেননি, তবে তার উদ্দেশ্য অসৎ ছিল না। এরইমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ও নির্বাচনী প্রচারের সময় রুশ কর্মকর্তাদের যোগাযোগের বিষয়ে এফবিআই'র তদন্ত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সেশন্স। তিনি এ তদন্তের প্রধান হিসেবে কাজ করছিলেন।
সম্প্রতি ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত বছরে নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে দুইবার বৈঠক করেন সেশন্স। তবে অভিযোগ অস্বীকার করেন তিনি জানিয়েছেন, নির্বাচন নিয়ে রাশিয়ার কারো সঙ্গে কখনোই তিনি আলোচনা করেননি।
এদিকে, এ ঘটনার পরপরই তার পদত্যাগের দাবি তুলেছেন ডেমোক্রেটরা।