প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে আড়িপাতার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তার মুখপাত্র কেভিন লুইস।
তিনি বলেন, আড়িপাতার অভিযোগ 'ডাহা মিথ্যাচার'।
শনিবার এক বিবৃতিতে লুইস বলেন, প্রেসিডেন্ট ওবামা কিংবা হোয়াইট হাউসের অন্য কোনো কর্মকর্তা কখনো যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের ওপর নজরদারির নির্দেশ দেননি।
এর আগে ধারাবাহিক এক টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, খুবই ভয়ঙ্কর ঘটনা এইমাত্র জানা গেল, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের কয়েক দিন আগে ট্রাম্প টাওয়ারে ফোনে আড়িপাতেন ওবামা। তবে তিনি কিছুই পাননি।
আরেক টুইটে ট্রাম্প বলেন, কতোটা নিচু হলে নির্বাচনী প্রচারণার সময় টেলিফোনে আড়িপাততে পারেন ওবামা, এটা নিক্সন বা ওয়াটারগেট কেলেঙ্কারির মতো ঘটনা।
তবে ওবামার বিরুদ্ধে এ অভিযোগের প্রেক্ষাপটে বিস্তারিত কিছু জানাননি তিনি।