ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার শুরু হচ্ছে ইন্ডিয়ান ওস্যান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) শীর্ষ সম্মেলন। ৩ দিনের এ সম্মেলনে যোগ দিতে এরইমধ্যে সদস্যভুক্ত ২১ দেশের নেতারা জাকার্তা আসতে শুরু করেছেন।
ভারত মহাসাগর তীরবর্তী অঞ্চলকে আরো শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ করাই এবারের সম্মেলনের লক্ষ্য।
ভৌগোলিক দিক থেকে ভারত মহাসাগর তীরবর্তী এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ এলাকায় অন্তত ২৭০ কোটি মানুষের বসবাস। এছাড়া সংস্কৃতিগত দিক থেকেও এসব এলাকা বৈচিত্রময়।
ভারত মহাসাগরীয় বন্দরগুলোতে বিশ্বের কমপক্ষে ৩০% বাণিজ্য হয়ে থাকে। একইসঙ্গে বিভিন্ন দেশের মধ্যে সমুদ্রসীমা নিয়ে বিরোধ, মানব পাচার, চোরাচালান, অবৈধভাবে মাছ শিকারের মতো চ্যালেঞ্জগুলোও রয়েছে ভারত মহাসাগরকে ঘিরে।
মূলত এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে, ভারত মহাসাগর তীরবর্তী দেশগুলোর মধ্যে শিক্ষা, বাণিজ্য এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে ১৯৯৭ সালে ইন্ডিয়ান ওস্যান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) প্রতিষ্ঠিত হয়।
এবার সম্মেলনের থিম ‘স্ট্রেনদেনিং মেরিটাইম কোঅপারেশন ফর অ্যা পিসফুল, স্টেবল অ্যান্ড প্রসপেরাস ইন্ডিয়ান ওসান।’ এবারই প্রথম ইন্দোনেশিয়ায় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া ৩ দিনের এ সম্মেলনে অংশ নিতে এরইমধ্যে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত, ইরান, কেনিয়া, সাউথ আফ্রিকাসহ সদস্যভুক্ত ২১ দেশের নেতারা আসতে শুরু করেছেন জাকার্তায়।
আরো অংশ নিচ্ছেন আইওআরএ'র ডায়লগ পার্টনার হিসেবে চীন, মিসর, ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।