গুলশানের হলি আর্টিজান হামলায় সন্দেহভাজন এক জেএমবি নেতাকে কলকাতার একটি আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে মোহাম্মদ ইদ্রিস নামে ওই জঙ্গিকে কলকাতার বড় বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এতে বলা হয়, ইদ্রিস গুলশান হামলার ‘মোস্ট ওয়ান্টেড’ সন্দেহভাজন। সে হায়দ্রাবাদ ও কলকাতার মধ্যে ঘোরাফেরা করছে এবং রোহিঙ্গাদের অধিকারের পক্ষে সরব হওয়ার কথা বলে তরুণদের জঙ্গিবাদে টানার চেষ্টা করছে বলে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল।
দিল্লি পুলিশের বরাত দিয়ে টেলিগ্রাফ আরো জানায়, ইদ্রিস গুলশান হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। হামলার পরপরই সে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বাংলাদেশ ছাড়ে।
গত বছর ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশী নাগরিকসহ ২২ জন নিহত হয়।