অবৈধ অভিবাসীদের বিতাড়নের কাজে গতি বাড়াতে সব বিচারকদের একত্রিত করে ১২টি শহরে পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ। তাদেরকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত অবৈধ অভিবাসীদেরকে বিতাড়নের দায়িত্ব সাময়িকভাবে দেয়া হবে।
প্রশাসনিক দুই কর্মকর্তার বক্তব্যকে উদ্ধৃত করে রয়টার্স এ খবর জানিয়েছে।
তবে ঠিক কতোজন বিচারপতিকে এ কাজে নিয়োগ দেয়া হবে এবং কবে নাগাদ তাদের কাজ শুরু হবে, তা এখনো পর্যালোচনাধীন রয়েছে।
নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, নিউ অরলিন্স, সান ফ্রান্সিসকো ছাড়াও বাল্টিমোর, ব্লুমিংটন, মিনেসোটা, এল পাসো, টেক্সাসসহ আরো কয়েকটি শহরকে টার্গেট করে নতুন এ পরিকল্পনা করেছে বিচার বিভাগ।
এদিকে, অবৈধ অভিবাসীদের ওপর ট্রাম্প প্রশাসনের নেয়া ধরপাকড় উদ্যোগের অংশ হিসেবে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আটক কেন্দ্রগুলোতেও বিচারকদের পাঠানো হচ্ছে। সোমবার থেকে সেখানে বিচারক মোতায়েন শুরু হবে।