ঘানার ব্রোং-আহাফো অঞ্চলের জনপ্রিয় পর্যটন স্পট কিনট্যাম্পো জলপ্রপাতের কাছে বিশাল একটি গাছ উপড়ে পড়ে কমপক্ষে ২০ জন মারা গেছেন। এতে বহু আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘানার গণমাধ্যম ও বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঝড়ো বাতাসে জলপ্রপাতের ওপরের দিক থেকে একটি গাছ নিচে জলপ্রপাতটির পানিতে সাঁতাররত লোকজনের ওপরে পড়ে।
ঘানার দমকল বিভাগের মুখপাত্র প্রিন্স বিলি অ্যাঙ্গলাতি বলেন, এতে ঘটনাস্থলেই ১৮ জন নিহত এবং হাসপাতালে নেয়ার পর আরো দুই জন মারা যান।
নিহতদের অধিকাংশ ওয়েঞ্চি মেথডিস্ট সিনিয়র হাইস্কুলের ভূগোলের ছাত্র। শিক্ষাসফরে সেখানে গিয়েছিল তারা নিহত অন্যান্যদের মধ্যে দেশটির এনার্জি অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস বিশ্ববিদ্যালয়ের ছাত্রও রয়েছেন।
আহতদের মধ্যে ওয়েঞ্চি হাইস্কুলের এক শিক্ষকও রয়েছেন।
উপড়ে পড়া গাছটির ডালপালার মধ্যে আটকে পড়া লোকজনকে উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীদের একটি যৌথ দল উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেছে।
এক প্রত্যক্ষদর্শী ঘানার স্টার নিউজকে বলেন, বৃষ্টি শুরু হওয়ার পরপরই উপর থেকে একটি বিশাল গাছ উপড়ে পড়ে নিচে হুল্লোররত ছাত্রদের পিষে দেয়।
চেইন-স দিয়ে ডাল কেটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল বলে জানা গেছে।