যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন প্রতিবেশী চীন ও রাশিয়া। চীন তার সীমান্তে আগেই সেনা মোতায়েন করেছে। এবার উত্তর কোরিয়া সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়াও।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইনের সূত্র মতে, বৃহস্পতিবার সকালে রুশ সেনা ও সামরিক যন্ত্রপাতি সীমান্তে পাঠানো হয়। উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ১১ মাইল সীমান্ত রয়েছে। সীমান্ত সুরক্ষার জন্য উত্তর কোরিয়া সীমান্তে একদিন আগে প্রায় দেড় লাখ সেনা মোতায়েন করে চীন।
বেইজিংয়ের আশংকা উত্তর কোরিয়া যুদ্ধে জড়িয়ে পড়লে সীমান্ত পেরিয়ে শরণার্থীরা চীনে প্রবেশ করতে পারে। বৃহস্পতিবার ৩টি ট্রেনে করো সেনা ও সামরিক সরঞ্জাম কোরিয় সীমান্তে পাঠায় রাশিয়া। সীমান্তে সামরিক হেলিকপ্টারও পাঠানো হয়েছে। সড়ক পথেও রুশ সেনারা সীমান্তে পৌঁছেছে। বেইজিংয়ের মতো মস্কোরও আশংকা যুদ্ধ বাধলে শরণার্থীরা রাশিয়াগামী হতে পারে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সেনা কর্মকর্তাদের সতর্ক করে জানিয়েছেন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ায় পারমাণবিক কেন্দ্রে হামলা চালালে রাশিয়াতেও দূষণ ছড়াতে পারে।