যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের ১০০তম দিনে আয়োজিত সমাবেশে আবারো গণমাধ্যমের ওপর চড়াও হলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি গণমাধ্যমে প্রকাশিত তার বিরুদ্ধে সমালোচনাকে 'ভুয়া খবর' বলে উল্লেখ করেছেন।
পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে ওই সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, শততম দিন পর্যন্ত তার অর্জনগুলো প্রকাশ করতে ব্যর্থ হয়েছে গণমাধ্যম।'বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন' সাংবাদিকদের 'মিথ্যা সংবাদ' প্রচার সত্ত্বেও তিনি একের পর এক প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন বলেও জানান তিনি।
ট্রাম্প আরো বলেন, হোয়াইট হাউস প্রতিনিধিদের নৈশ ভোজে হলিউড তারকা ও ওয়াশিংটনের সাংবাদিকদের সমাবেশ ঘটে, যা তার জন্য বিরক্তিকর। ওয়াশিংটন থেকে ১০০ মাইলের বেশি দূরে আসতে পেরে তিনি রোমাঞ্চিত বলেও জানান।
ট্রাম্প তার শপথগ্রহণ থেকে এ পর্যন্ত কর্মকাণ্ডকে তীব্র উত্তেজনাকর ও কার্যকর বলে উল্লেখ করেছেন। গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।