মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় ও শেষ দিনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শান্তি প্রসঙ্গে গত তিন বছরের বেশি সময় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি কোন আলোচনা হয়নি। এ ব্যাপারে দুইপক্ষকে আলোচনার টেবিলে বসানো নিঃসন্দেহে খুব কঠিন কাজ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
এদিকে, ইসরায়েল সফরকালে ইরানের সমালোচনা করেছেন ট্রাম্প বলেন, জঙ্গি এবং সন্ত্রাসীদের ইরান সহায়তা দিচ্ছে। এর প্রতিক্রিয়ায় তেহরান বলেছে, ইরান এবং তার মিত্র দেশগুলোই কার্যত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
তেহরানের সহযোগিতা ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।
গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়া রুহানি, সৌদি আরবের রিয়াদে ট্রাম্পের সম্মেলনকে রাজনৈতিকভাবে মূল্যহীন, আলঙ্কারিক ও ফলপ্রসূ নয় বলে মন্তব্য করেছেন।