যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আত্মঘাতী হামলার পর দেশটিতে আরো সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে। পরিস্থিতিতে ব্রিটেনজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে পুলিশকে সহযোগিতায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
পুলিশ বলছে, কনসার্টে আত্মঘাতী হামলাকারী ২২ বছর বয়সী ব্রিটিশ নাগরিক সালমান আবেদি। তার জন্ম ম্যানচেস্টারেই।
ম্যানচেস্টার শহরে পপ কনসার্টে আত্মঘাতী হামলার ঘটনায় যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার সতর্কতার মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া হয়েছে। এই হুমকির মাত্রাকে সঙ্কটপূর্ণ স্তর অর্থাৎ যেকোনো সময় আবারো হামলা হতে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে। এক দশক পর যুক্তরাজ্যে এ ধরনের সর্বোচ্চ সতর্কতা জারি করা হলো।
স্থানীয় সময় মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী টেরিসা মে বলেন, নিরাপত্তা জোরদারে সশস্ত্র পুলিশকে সহযোগিতা করতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সেনা বাহিনী মোতায়েন করা হবে।
কনসার্টে হামলাকারী একা ছিলেন নাকি তার সঙ্গে আরো কেউ সহযোগী ছিলেন তা পরিষ্কার না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেইসঙ্গে জনগণকে আতঙ্কিত না হওয়ারও অনুরোধ জানান তিনি।
এদিকে, আত্মঘাতী হামলাকারী ২২ বছর বয়সী ব্রিটিশ নাগরিক সালমান আবেদি বলে ধারণা করছে ব্রিটিশ পুলিশ । লিবীয় বংশোদ্ভূত সালমানের জন্ম ম্যানচেস্টারেই, সেখানেই বেড়ে উঠেছেন তিনি। হামলার মাত্র কয়েকদিন আগেই তিনি বিদেশ থেকে দেশে ফিরেন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। বহু বছর ব্রিটেনে বসবাসের পর সালমানের পরিবার লিবিয়ায় ফিরে গেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় সোমবার রাতে ম্যানচেস্টার শহরে মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে দর্শকরা বের হওয়ার সময় ওই হামলার ঘটনা ঘটে।
এতে ২২ জন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়। এ পর্যন্ত নিহত ৩ জনের নাম প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে সাফি রোজ নামে ৮ বছরের এক শিশু রয়েছে। হামলার দায় স্বীকার করেছে আইএস, তবে তার সত্যতা যাচাই করা যায়নি।