যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী বোমা হামলাকারী সালমান আবেদির সঙ্গে জঙ্গিগোষ্ঠি আইএসের সংশ্লিষ্টতার আলামত মিলেছে। তদন্তে এমনটাই জানা যাচ্ছে।
সালমান আবেদির আইএস সংশ্লিষ্টতা প্রসঙ্গে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের প্রধান জানিয়েছেন, হামলাকারীর সঙ্গে যুক্ত একটি বৃহত্তর নেটওয়ার্ককে বিবেচনায় নিয়ে তদন্তকাজ চলছে। এছাড়া, বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাজ্য থেকে আইএসের কর্মী সংগ্রহের ঘটনায় পরিচিত রাফায়েল হস্টির সঙ্গে সংশ্লিষ্টতা ছিল আবেদির।
এলাকায় দুই জনে একসঙ্গে আড্ডা দিতেন, স্থানীয় ডিডসব্যারি মসজিদে নামাজ পড়তেন। আরো জানা গেছে, ম্যানচেস্টারে হামলার চার দিন আগে আবেদি জার্মানির ডোসেলডর্ফ গিয়েছিলেন। ওই এলাকাটি আইএস-সংশ্লিষ্টদের উপস্থিতির কারণে ঝুকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।
এদিকে, আরো হামলার আশঙ্কায় গতকাল যুক্তরাজ্যে ৯৮৪ সেনাসদস্য নামানো হয়েছে। আরো ৩ হাজার ৮০০ সেনাকে প্রস্তুত রাখা হয়েছে।