মিসরে কপটিক খ্রিস্টানদের বাসে বন্দুকধারীদের হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনী প্রতিবেশি দেশ লিবিয়ায় সন্ত্রাসীদের প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে বিমান হামলা চালিয়েছে।
প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি বলেছেন, দেশের যেকোনো স্থানে সন্ত্রাসী ক্যাম্পে হামলা চালানের নির্দেশ দিতে তিনি ইতস্তত বোধ করবেন না।
শুক্রবার সন্ধ্যার পর মিশরীয় জঙ্গি বিমানগুলো লিবিয়ায় পূর্বাঞ্চলীয় দের্নার কয়েকটি শিবিরে ছয়বার আঘাত হানে বলে জানিয়েছে মিশরীয় সামরিক সূত্রগুলো।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গতকাল মিসরের মধ্যাঞ্চলে কপটিক খ্রিস্টানদের একটি বাসে বন্দুকধারীরা গুলি চালিয়ে কমপক্ষে ২৩ জনকে হত্যা করে। এ সময় আরো ২৫ জন আহত হন। বাসটি যাত্রীদের নিয়ে একটি চার্চে যাওয়ার পথে, কায়রো থেকে দুইশো বিশ কিলোমিটার দক্ষিণে মিনইয়া প্রদেশে ওই হামলা হয়।
এদিকে, হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে জঙ্গি গোষ্ঠি আইএস গত কয়েক মাস ধরেই কপটিক খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।