আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। আহত হয়েছে প্রায় চারশো। স্থানীয় সময় বুধবার সকালে প্রেসিডেন্টের বাসভবনের কাছে বিদেশি দূতাবাস এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
এ হামলায় জার্মান, ফরাসি, চীনা, জাপানি ও তুর্কি দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়। নিহতদের মধ্যে বিদেশি দূতাবাস কর্মী ও সাংবাদিক রয়েছেন। হতাহতদের অধিকাংশই আফগান নাগরিক। ১১ জন মার্কিন নাগরিক আহত হয়েছেন।
যারা যুক্তরাষ্ট্র দূতাবাসে কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। জার্মান দূতাবাসের একজন কর্মী ও সেখানকার আফগান নিরাপত্তাকর্মীও নিহত হয়েছেন।
পাশের ভারতীয় দূতাবাসের কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতের প্রধানমন্ত্রী ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।