একটি মন্তব্যকে ঘিরে ভারতে যোগগুরু রামদেবের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হরিয়ানার একটি আদালত।
এর আগে এ মামলায় জামিন পাওয়ার পর বুধবার তিনি নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এ মামলায় তাকে হাজির হতে দুই দফা সমন জারি করা হয়েছিল।
হরিয়ানার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম হরিশ গয়াল এ পরোয়ানা জারির পাশাপাশি মামলার পরবর্তী শুনানি আগামী ৩ আগস্ট ঠিক করেছেন।
গত বছর এপ্রিল মাসে হরিয়ানায় আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ আয়োজিত সদ্ভাবনা সম্মেলনে রামদেব তার বলেন, ‘ভারত মায়ের অপমান করলে একজনের নয়, হাজারজনের মুণ্ডচ্ছেদন করার ক্ষমতা রাখি।
তিনি এ কথাও বলেন, ‘ভারত মাতা কী জয়’ বলার অর্থ মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিবেদন। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
এ মন্তব্যের পর হরিয়ানার সাবেক মন্ত্রী ও কংগ্রেস নেতা সুভাষ বাত্রা রামদেবের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গত ২ মার্চ হরিয়ানার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত যোগগুরু রামদেবের বিরুদ্ধে সমন জারি করেন। এরপরে আদালত যোগগুরুকে এক লাখ রুপির বন্ডে ব্যক্তিগত জামিননামায় জামিন দেন।