যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে কমপক্ষে ২১টি অঙ্গরাজ্যে রুশরা হ্যাকিংয়ের চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। জেনেট ম্যানফ্রা নামে হোমল্যান্ড সিকিউরিটির সাইবারবিষয়ক ওই কর্মকর্তা সিনেটে শুনানিতে এ তথ্য দেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া প্রভাব বিস্তার করেছে কিনা তা নিয়ে তদন্ত করছে এমন একটি সিনেট প্যানেলের কাছে সাক্ষ্য দেন তিনি।
ওই কর্মকর্তা বলেন, মার্কিন নির্বাচনে রাশিয়ার হ্যাকিং প্রচেষ্টার প্রমাণ তার কাছে রয়েছে। এখন পর্যন্ত ২১টি রাজ্যের নির্বাচন সংক্রান্ত ব্যবস্থায় প্রমাণ পাওয়া গেছে, যা তাদের লক্ষ্যবস্তু ছিল। নির্বাচনী প্রচারণা চলাকালে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল। তবে কোন কোন অঙ্গরাজ্যে এমন তৎপরতা চলে তা জানাননি ম্যানফ্রা।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও অনেক আগে থেকে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে রুশ হস্তক্ষেপের কথা বলে আসছে। এফবিআইও এ ব্যাপারে আলাদা করে তদন্তে নেমেছে। তবে বরাবরই এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে ক্রেমলিন।