যুক্তরাষ্ট্রে গোয়েন্দা সংস্থা এফবিআই'র সাবেক প্রধান জেমস কোমির সঙ্গে কথোপকথন গোপনে রেকর্ড করা হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, কোমির সঙ্গে কোন কথা তিনি রেকর্ড করেননি, তার কাছে কোন টেপ বা গোপন রেকর্ডিং নেই। সম্প্রতি এফবিআই প্রধানের পদ থেকে কোমিকে বরখাস্ত করার পর, একের পর এক টুইটে দুজনের কথোপকথনের বিষয়ে হুশিয়ারি দিয়ে কোমিকে সতর্ক করেছিলেন ট্রাম্প। তাদের কথোপকথনের রেকর্ড রয়েছে ইঙ্গিত দিয়ে ট্রাম্প গণমাধ্যমে বানোয়াট কিছু না বলতে কোমিকে সতর্ক করেন।
আর এরপরই টেপ হস্তান্তরের জন্য চাপের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। দেশটির উর্ধ্বতন আইন প্রণেতা থেকে শুরু করে, সিনেট সদস্য ও মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটি রেকর্ডিং হস্তান্তরের জন্য হোয়াইট হাউসকে অনুরোধ জানায়।
শেষ পর্যন্ত ট্রাম্প জানালেন, তার কাছে এ সংক্রান্ত কোনো রেকর্ডিং নেই।