মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধড়পাকড়ে অভিযানের প্রথম দিনেই এক হাজারের বেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। এখন পর্যন্ত প্রায় পাঁচশতাধিক বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে, যাদের কাছে কোনো বৈধ কাগজ নেই।
এছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, ফিলিপাইনের বেশ কিছু সংখ্যক অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলীর জানান, অভিযানে ১৫৫টি জায়গায় তিন হাজার ৩৯৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনেক অভিবাসী শ্রমিক তাদের চাকরিদাতাদের দ্বারা প্রতারিত হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, সরকারের বেধে দেওয়া সাড়ে চার মাসে সাময়িক কাজের অনুমতি পত্র বা ই-কার্ডের জন্য এক লাখ ৫৫ হাজার ৬৮০ জন আবেদন করেন, যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ৭১ হাজার ৯০৩ জন।
মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের ধারনা অনুযায়ী ৬ লাখ অবৈধ শ্রমিকের ই-কার্ড সুবিধা নেয়ার কথা থাকলেও এপর্যন্ত এক লাখ ৪০ হাজার ৭৪৬ জনকে ই-কার্ড দেয়া হয়েছে।