সৌদি আরবকে যুক্তরাজ্যে ইসলামি জঙ্গিবাদের প্রধান বিদেশি সহায়তাকারী দেশ হিসেবে দাবি করা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক এক থিঙ্কট্যাঙ্কের প্রতিবেদনে।
বুধবার প্রকাশিত হেনরি জ্যাকসন সোসাইটির ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি অনুদানে চলা যুক্তরাজ্যের ইসলামি সংগঠনগুলোর সঙ্গে বিদ্বেষ ছড়ানো এবং সহিংস জিহাদি গোষ্ঠীগুলোর 'স্পষ্ট ও ক্রমবর্ধমান' সম্পর্ক রয়েছে। পররাষ্ট্রনীতি বিষয়ক এই থিঙ্কট্যাঙ্ক সন্ত্রাসবাদে অর্থায়ন বিষয়ে সৌদি আরব ও পারস্য উপসাগরীয় অন্যান্য রাষ্ট্রের সম্পৃক্ততার প্রকাশ্য তদন্তও দাবি করেছে।
তবে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে লন্ডনের সৌদি আরব দূতাবাস এই দাবিকে 'ডাহা মিথ্যা' বলে আভিহিত করেছে। ওই প্রতিবেদনে ইরানকেও যুক্তরাজ্যের মসজিদ ও ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থায়নের জন্য চিহ্নত করা হয়েছে।
এসব প্রতিষ্ঠানগুলোও উগ্রবাদী মতবাদ প্রচার ও বিস্তারে ভূমিকা রাখছে বলে এতে দাবি করা হয়েছে।