আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র নাজিব দানিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার সকালে কাবুলের পশ্চিম অংশে এ হামলায় আরও ৪২জন আহত হয়েছেন।
তবে হামলাকারীর লক্ষ্য ঠিক কি ছিলো সেটি এখনো ধারণা করতে পারেননি কর্মকর্তারা।
এখন পর্যন্ত কারও পক্ষ থেকেও এ ঘটনায় দায় স্বীকারের খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণ স্থলের কাছেই উপ সরকারি প্রধান নির্বাহী মোহাম্মদ মোহাকিকের বাড়ি।
তার একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন তারা ধারণা করছেন যে মোহাকিকের বাড়িই ছিলো বোমাভর্তি গাড়ির লক্ষ্যবস্তু তবে রক্ষীরা গাড়িটিকে থামিয় দিয়েছিল।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যে এলাকায় এ বিস্ফোরণ ঘটেছে, সেখানে মূলত শিয়া হাজার সম্প্রদায়ের বসবাস। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি তবে এটি আত্মঘাতী হামলা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কাবুলের একটি মসজিদে ‘আইএস’ এর হামলায় চারজন নিহত হওয়ার দুই সপ্তাহের মাথায় এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।
গত মে মাসে কাবুলের কূটনৈতিকপাড়ায় ট্রাকে বিস্ফোরক বোঝাই করে এক আত্মঘাতী হামলায় অন্তত দেড়শ মানুষের মৃত্যু হয়।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলা-সহিংসতার কারণে চলতি বছরের প্রথমার্ধেই আফগানিস্তানে কমপক্ষে ১৬৬২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।