ভারতের স্কুল পাঠ্যক্রম থেকে গুজরাট দাঙ্গা, ইংরেজি, উর্দু, আরবি শব্দাবলী, রবীন্দ্রনাথের চিন্তা, শিল্পী মকবুল ফিদা হোসেনের উদ্ধৃতি, মির্জা গালিবের রচনা বাদ দেওয়ার সুপারিশ করেছে একটি হিন্দুত্ববাদী শিক্ষা সংগঠন।
একইসঙ্গে শিখ দাঙ্গার বিষয়ও বাদ দেয়ার কথা বলা হয়েছে। এছাড়া যেসব হিন্দি কবিতা পড়লে ছাত্রছাত্রীদের চরিত্র 'খারাপ' হতে পারে সেসব বাদ দেয়ারও সুপারিশ করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্যবই রচনাকারী সংস্থা এনসিইআরটির কাছে ওইসব সুপারিশ পাঠিয়েছে 'শিক্ষা, সংস্কৃতি উত্থান ন্যাস' নামে আরএসএসের একটি ঘনিষ্ঠ সংগঠন।
তারা বলছে, হিন্দি, ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন পাঠ্যবইতে অনেকগুলো বিকৃত তথ্য, অসাংবিধানিক শব্দ, চরিত্র নষ্ট করার মতো কিছু বিষয় রয়েছে। সংগঠনটি অনেকদিন ধরেই ভারতে সনাতনী শিক্ষা ব্যবস্থা চালুর দাবি করে আসছে ।