পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের পদত্যাগের পর সেই শূন্যস্থান পূরণে একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দিতে দেশটির জাতীয় পরিষদে ভোটাভুটি আজ (মঙ্গলবার)।
একক সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হিসেবে নেওয়াজের মুসলিম লীগ মনোনীত প্রার্থী সাবেক জ্বালানিমন্ত্রী শহীদ খাকান আব্বাসির নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। গণপরিষদের ১৭২ সদস্যের ভোট পেলেই নির্বাচিত হবেন তিনি।
গণপরিষদে এর চেয়ে বেশি মুসলিম লীগ থেকে নির্বাচিত সাংসদ রয়েছেন, যাদের সবার সমর্থন পাবেন আব্বাসি।
এদিকে, বিরোধীরা জোটবদ্ধ হয়ে একজন প্রার্থী দিতে চাইলেও শেষপর্যন্ত ব্যর্থ হন তারা। তবে এরইমধ্যে প্রত্যেকটি দল আলাদা করে নিজেদের প্রার্থীর নাম জমা দিয়েছেন।
নেওয়াজের মনোনীত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্বে নিয়োজিত থাকবেন।