উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে চায় না যুক্তরাষ্ট্র বরং তারা দেশটির সঙ্গে সংলাপে বসতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
বিবিসি জানিয়েছে, কয়েকটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায় জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, আমরা আপনাদের শত্রু নই।
এ পরিস্থিতিতে টিলারসন বলেন, আমরা সরকার পরিবর্তন করতে চাইছি না, আমরা শাসনব্যবস্থাও পরিবর্তনেরও চেষ্টা করছি না, আমরা উপদ্বীপটির পুনরেকত্রীকরণ তরান্বিত করারও চেষ্টা করছি না, যেকোনো ছুঁতায় ৩৮ প্যারালালের (দুই কোরিয়ার সীমান্ত) উত্তর দিকে আমাদের সামরিক বাহিনীও পাঠাতে চাইছি না।
আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের জন্য হুমকি নই, কিন্তু আপনারা আমাদের অনবরত হুমকি দিচ্ছেন, যা গ্রহণযোগ্য নয় এবং যার জবাব আমাদের দিতে হবে বলে জানান তিনি।
টিলারসন বলেন, উত্তর কোরিয়ার মনোভাব পরিবর্তনে শান্তিপূর্ণ এই কৌশল বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞাও কঠোর করা হবে।
উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচিকে ঘিরে এ অঞ্চলে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে টিলারসন বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরীয় সরকারের পতন চায় না। ওয়াশিংটন তাদের শত্রু নয়, তাদের জন্য হুমকিও নয়।
তবে পিয়ংইয়ং ক্রমাগত পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে হুমকি প্রদর্শন করে আসছে বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে, একজন রিপাবলিকান সিনেটর জানিয়েছেন, প্রয়োজন হলে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পিয়ংইয়ং সর্বশেষ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে দাবি করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সমগ্র ভূখণ্ড উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে।