স্পেনের বার্সেলোনা শহরের একটি পর্যটন এলাকায় গত বৃহস্পতিবার যে ভ্যান নিয়ে হামলা চালিয়ে ১৩ জনকে হত্যাকারী সেই ভ্যানচালক সম্ভবত এখনো জীবিত আছেন এবং তিনি পালিয়ে বেড়াচ্ছেন।
স্পেনের পুলিশের বরাতে শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পুলিশ ওই ভ্যানচালককে ধরতে অভিযান চালাচ্ছে।
স্পেনের গণমাধ্যমে সন্দেহভাজন হামলাকারী ওই ভ্যানচালককে মরক্কোতে জন্ম নেয়া ইউনেস আবু ইয়াকুব বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে মউসা ওউকবির নামে ১৭ বছরের এক কিশোরকে ওই হামলার মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।
ভ্যান নিয়ে হামলার দিনেই বার্সেলোনার পশ্চিমে ক্যামব্রিলস এলাকায় দ্বিতীয় দফায় হামলা চেষ্টাকালে পুলিশের গুলিতে যে পাঁচ জন নিহত হয় তাদের মধ্যে মউসা ওউকবিরও ছিল।
স্পেনের পুলিশ বলছে, আরও বড় হামলার পরিকল্পনা ছিল হামলাকারীদের। তবে বুধবার আলক্যানার শহরে এক বিস্ফোরণে হামলাকারীদের বোমার সরঞ্জাম ধ্বংস হয়ে যাওয়ায় তারা ভ্যান নিয়ে হামলা চালায়।
সন্দেহভাজন ভ্যানচালক আবু ইয়াকুব (২২) বার্সেলোনার উত্তরাঞ্চলের রিপোল শহরে থাকতেন। হামলার ঘটনায় শুক্রবার রিপোল থেকে তিনজন এবং আলক্যানার থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার বার্সেলোনার পর্যটন এলাকা রাম্বলাসে ভিড়ের মধ্যে ভ্যান নিয়ে হামলা চালানো হয়। ওই হামলায় ১৩ জন নিহত হয়। এই হামলার কয়েক ঘণ্টার পর বার্সেলোনার ক্যামব্রিলস এলাকায় ফের হামলার চেষ্টা হলেও তা নস্যাৎ করে দেয় পুলিশ। সেখানে পুলিশের হাতে প্রাণ হারায় ৫ হামলাকারী।