আফগানিস্তানে তালেবানকে সমর্থন না দিতে পাকিস্তানকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র। জঙ্গি সংগঠনটিকে সমর্থনের অভিযোগে দেশটির ওপর চাপ আরো বাড়িয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
সোমবার সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা পাকিস্তানকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে, এ অবস্থায় নিজেদের অবস্থান পরিবর্তন না করলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সুযোগ সুবিধা হারাতে হবে ইসলামাবাদকে।
তালেবানদের আলোচনায় বসাতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও মনে করেন টিলারসন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক সহায়তা দেয়ার আশ্বাস সম্বলিত নতুন নীতি ঘোষণার একদিন পর এবার পাকিস্তানকে কঠোরভাবে সতর্ক করলো যুক্তরাষ্ট্র। যদিও তালেবানদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।