মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ।
রোহিঙ্গাদের ওপর বর্বরতার নিন্দা জানিয়ে মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় দেশটি।
গতকাল সোমবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ।
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে পদ্ধতিগত দমন-পীড়নের নিন্দা জানিয়েছে মালদ্বীপ। একই সঙ্গে তারা মিয়ানমারে রোহিঙ্গাদের রক্তক্ষয় বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তদন্ত করার জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও জাতিসংঘ মহাসচিবের কাছে অনুরোধ জানিয়েছে মালদ্বীপ।
গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইনে প্রদেশে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে দমন অভিযান শুরু হয়।
মিয়ানমার সরকারের হিসাবে, প্রথম এক সপ্তাহে রাখাইনে সহিংসতায় কমপক্ষে ৪০০ মানুষ নিহত হয়েছেন। জ্বালিয়ে দেয়া হয়েছে ২৬০০ ঘর-বাড়ি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, সংঘাত থেকে বাঁচতে ১১ দিনে মিয়ানমার থেকে পালিয়ে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।