আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ৫ মাত্রার শক্তিশালী হারিকেন 'ইরমা' ঘণ্টায় ২৫৭ কিলোমিটার বেগে কিউবায় আঘাত হেনেছে।
সেখানে ব্যাপক তাণ্ডব চালিয়ে এটি যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। রোববার সকালে ইরমা ফ্লোরিডায় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
পূর্বসতর্কতা হিসেবে এরইমধ্যে সেখানে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।
এর আগে বুধবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ইরমার আঘাতে ২৪ জনের প্রাণহানী হয়।
সপ্তাহব্যাপী ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়ে ৫ মাত্রার হারিকেন 'ইরমা' শুক্রবার মধ্যরাতে কিউবায় আছড়ে পড়ে। হারিকেনের প্রভাবে ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে কামাগাই দ্বীপপুঞ্জে ব্যাপক ভূমিধস হয়েছে দেখা দিয়েছে বন্যা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
গত এক শতাব্দীর মধ্যে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী এ ঘূর্ণিঝড়টি রোববার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
তীব্র বাতাস, বন্যার মাধ্যমে ইরমা যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম এই অঙ্গরাজ্যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এরইমধ্যে পূর্ব সতর্কতা হিসেবে ফ্লোরিডার প্রায় ৫৬ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল-কলেজ। বাতিল করা হয়েছে বিমানের ফ্লাইট।
ইরমাকে প্রচণ্ড ধ্বংসযজ্ঞের ক্ষমতাসম্পন্ন ঝড় অভিহিত করে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণকে দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছেন।
১৯৫১ সালের পর তিনবার এই ধরনের ৫ মাত্রার ঝড় যুক্তরাষ্ট্রে আঘাত হানে। সর্বশেষ ১৯৯২ সালে আঘাত হানা ৫ মাত্রার হারিকেন অ্যান্ড্রুর চেয়ে ইরমা অনেক বেশি শক্তিশালী বলে জানিয়েছে ফেডারেল জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।