মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা সব রোহিঙ্গাদের ফেরত নেবে না দেশটির সরকার।
ভারতের হিন্দুস্তান টাইমস বৌদ্ধ অধ্যুষিত দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র জ হাতয়ের বরাতে এ খবর জানিয়েছে।
জ হাতয় আরো বলেন, যারা পালিয়ে গেছে,তাদের সবাইকে ফিরতে দেয়া হবে না— তাদের যাচাই-বাছাই করা হবে আর এ কাজ শেষে তাদের দেশে ফিরিয়ে নেয়া হবে।
তিনি আরো বলেন, রাখাইনের তিনটি শহরতলিতে মোট ৪৭১টি গ্রাম রয়েছে এরমধ্যে ১৭৬টি গ্রামে কোনো মানুষ নেই। আশপাশের ৩৪টি গ্রাম থেকেও লোকজন পালিয়ে চলে যাচ্ছে। তারা প্রতিবেশী দেশগুলোতে গিয়ে আশ্রয় নিচ্ছে।
প্রেসিডেন্টের মুখপাত্র অবশ্য ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করেননি।
গত ২৪ আগস্ট রাতে সেনা ও পুলিশ ক্যাম্পে হামলার দমনপীড়নে নামে সেনাবাহিনী। আর ২৫ ভোর থেকে রোহিঙ্গা হত্যা হামলা-নির্যাতন-ধর্ষণের হাত থেকে রেহাই পেতে দেশ ছাড়তে শুরু করেছে।
এ পর্যন্ত প্রায় তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা মুসলিম বিপদসংকুল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
পালিয়ে আসা বস্তুচ্যুত রোহিঙ্গারা অভিযোগ করেছেন, বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারের সেনাবাহিনী পুরুষদের ধরে ধরে নিয়ে হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে আর মুসলিম অধ্যুষিত গ্রামগুলো জ্বালিয়ে দিচ্ছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানিয়েছে, এরই মধ্যে এই সহিংসতার শিকার হয়ে প্রায় তিন হাজার রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন।