পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় নেওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করে দেয়া রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
নওয়াজ শরিফের ছেলেমেয়ে ও সাবেক অর্থমন্ত্রী ইসহাক দায়ের করা রিভিউ আবেদনও সর্বোচ্চ আদালতে খারিজ করে দিয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যমের খবরে জানা গেছে।
শুনানি শেষে বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ রিভিউ আবেদনটি খারিজ করে দেন বলে পাকিস্তানের ইংরেজি দৈনিক 'ডনে'র এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে নওয়াজকে পার্লামেন্টের সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্টের আগের রায় বহাল থাকলো। এছাড়া নওয়াজ, তার দুই ছেলে, মেয়ে, জামাতা ও সাবেক অর্থমন্ত্রী ইশাসহাকে এখন দুর্নীতির মামলা মোকাবেলা করতে হবে।
পানামা পেপারস মামলায় গত ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করে। এছাড়া নওয়াজ শরিফের ছেলে হোসেন, হাসান ও মেয়ে মরিয়ম নওয়াজ, জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ সফদার ও অর্থমন্ত্রী ইসহাক দারের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়েরের আদেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত।
সর্বোচ্চ আদালতের ওই রায়ের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সড়ে দাঁড়ান নওয়াজ শরিফ। পদত্যাগের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ছোটভাই শাহবাজ শরিফকে নির্বাচন করেন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-নওয়াজ) প্রধান নওয়াজ। তবে শাহবাজ জাতীয় পরিষদের সদস্য না হওয়ায় অন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শহিদ খাকান আব্বাসিকে মনোনয়ন দেন নওয়াজ। এরপর গত ৪ আগস্ট খাকান আব্বাসির নতুন মন্ত্রিসভা শপথ নেয়।