যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এ অভিযোগ করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো।
সোমবার নিউইয়র্কে তিনি এ অভিযোগ করেন যা প্রকাশ পেয়েছে বিবিসি ও সিএনএনে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে বলে দাবি করেন রি ইয়ং হো।
তিনি বলেন, গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন আমাদের নেতৃত্ব দীর্ঘস্থায়ী হবে না এবং আমাদের দেশের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন।
ফলে তিনি বলেন, মার্কিন বোমারু বিমানে গুলি করার অধিকার উত্তর কোরিয়ার আছে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এ হুমকি দেন।
উত্তর কোরিয়ার মন্ত্রী বলেন, এমনকী মার্কিন যুদ্ধ বিমান যদি তার দেশের আকাশ সীমার বাইরেও থাকে তাহলেও সেগুলোকে হুমকি হিসাবে বিবেচনা করা হবে।
সারাবিশ্ব এটাই দেখবে যে যুক্তরাষ্ট্রই প্রথম যুদ্ধ ঘোষণা করেছে বলে জানান তিনি।
এদিকে, প্রেসিডেন্টের দাপ্তরিক ভবন হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স সোমবার বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। যুদ্ধের দাবি হাস্যকর।
গত কদিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিম জং আনের সরকারের মধ্যে অব্যাহত বাকযুদ্ধের মাঝে রোববার কোরীয় উপদ্বীপের কাছে অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমানের টহল দেয়ার ছবি পেন্টাগনের সূত্রে সংবাদমাধ্যমে ছাপা হয়।
এই প্রেক্ষাপটেই উত্তর কোরিয়ার কাছ থেকে সোমবার এ হুমকি দেয়া হলো।
তবে দুই দেশের মধ্যে এখনই যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা নাকচ করছেন অধিকাংশ পর্যবেক্ষক।