সরকারি কাজে ব্যয়বহুল ব্যক্তিগত ফ্লাইট ব্যবহারের কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস।
এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাইসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী ডন জে রাইটকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।
সরকারি একটি কাজে অনেক অর্থ খরচ করে বেসরকারি বিমান ভাড়া করে গিয়েছিলেন প্রাইস যা ক্ষুব্ধ হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার অসন্তোষের কথা সাংবাদিকদের জানিয়ে বলেন, আমি খুশি হতে পারিনি— বুঝলেন, একদমই খুশি হতে পারিনি।
এর পরপরই শুক্রবার প্রাইসের পদত্যাগের ঘোষণা আসে জানায় বিবিসি ও রয়টার্স।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য ও জনসেবা মন্ত্রী টমাস প্রাইস পদত্যাগের ইচ্ছা জানালে প্রেসিডেন্ট তা অনুমোদন করেন।
টম প্রাইসের বিরুদ্ধে অভিযোগ, গত মে মাস থেকে তিনি ২৬টি ব্যক্তিগত ফ্লাইটে ভ্রমণ করেন। এতে ৪ লাখ মার্কিন ডলার খরচ হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। করদাতারা এসব ফ্লাইটের খরচ বহন করেন।
এ অভিযোগ ওঠার পরই প্রাইস দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।
ট্রাম্পের মন্ত্রিসভার আরো ৩ তিন সদস্য এখন কড়া নজরদারিতে রয়েছেন। সরকারি কাজে ব্যক্তিগত ফ্লাইট ব্যবহার করছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।