কায়রোর মিয়ানমার দূতাবাসে একটি বিস্ফোরণ ঘটিয়ে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন-পীড়নের জবাব দিয়েছে বলে জানিয়েছে মিসরের হাজম জঙ্গি গোষ্ঠী।
বিস্ফোরণের পর এক বিবৃতিতে রোববার এর দায় স্বীকার করেছে জঙ্গিরা।
বিবৃতিতে তারা জানিয়েছে, এ বোমা বিস্ফোরণ মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে নারী, শিশুদের হত্যাকারী ও খুনিদের দূতাবাসের জন্য একটি সতর্ক সঙ্কেত।
কোনো বেসামরিক নাগরিক যাতে হতাহত না হয় সেজন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে এই অভিযান চালানো হয়েছে –তা না হলে এক জ্বলন্ত অগ্নিকুণ্ড দেখা যেত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
স্থানীয় অধিবাসী ও গণমাধ্যম প্রাথমিকভাবে এ বিস্ফোরণকে গ্যাস পাইপলাইন দুর্ঘটনা বলছে।
তবে দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, ঘটনাস্থলে তারা বিস্ফোরকের আলামত পেয়েছেন।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মিয়ানমার দূতাবাস এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নিধনযঞ্জের জবাবে আলকায়েদাসহ আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীগুলি পাল্টা হামলার হুমকি দিয়ে যাচ্ছে।