কাতালোনিয়া স্পেনের অপরিহার্য অংশই হিসেবেই থাকবে—একে আলাদা করা যাবে না বলে জানিয়েছেন দেশটির রাজা ষষ্ঠ ফিলিপ। কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে চলমান সঙ্কটে রাজা এ নিয়ে দ্বিতীয়বারের মতো বক্তব্য রেখেছেন।
শুক্রবার উত্তর স্পেনের ওভিয়েডো শহরে এক অনুষ্ঠানে তিনি বলেন, কাতালান সরকার স্পেনে একটা বিভাজন তৈরির চেষ্টা করছে।
তবে স্পেনের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই এই সঙ্কটের সমাধান করা হবে।
এদিকে, কাতালোনিয়ায় স্বাধীনতা ঘোষণা করার হুমকি দিয়ে আসছেন দেশটির আঞ্চলিক নেতারা।
এর পরিপ্রেক্ষিতে সেখানে সরাসরি শাসন জারির পরিকল্পনা করছে মাদ্রিদ।
কাতালোনিয়ার ব্যাপারে স্পেন কী পদক্ষেপ নিতে যাচ্ছে শনিবার তার একটি পরিপূর্ণ ও বিস্তারিত ঘোষণা দিতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী মারিনো রাজোয়।
এর আগে গত ১ অক্টোবর স্বাধীনতার প্রশ্নে কাতালোনিয়ায় গণভোট হয়। ভোটে স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশ ভোটারের সমর্থন পাওয়া গেছে।