মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও সাড়ে তিন কোটি ডলার সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ।
রোহিঙ্গাদের সহায়তায় সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ আয়োজিত একটি সম্মেলনে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
রোহিঙ্গাদের সহায়তায় প্রয়োজনীয় অর্থসংগ্রহে দাতাদের প্রতিশ্রুতি আদায়ে জেনেভায় আজ-সোমবার প্লেজিং কনফারেন্স আয়োজন করেছে জাতিসংঘ।
নতুন করে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ৬ লাখ রোহিঙ্গার জরুরি ব্যয় নির্বাহে প্রয়োজনীয় তহবিল সংগ্রহে মন্ত্রিপর্যায়ের এ সম্মেলনের আয়োজন করা হয়।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এবং ইউএনএইচসিআর এ কনফারেন্সের আয়োজন করেছে। আর সহ-আয়োজক হচ্ছে- ইউরোপীয় ইউনিয়ন ও কুয়েত।
এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের এই তিন সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের দুর্ভোগের শান্তিপূর্ণ সমাধান, তাদের দেশ ত্যাগ বন্ধ করা ও আশ্রয়দাতা পক্ষকে সাহায্য জোগানের প্রয়াস জোরদারের আহ্বান জানায়।
তারা আরো জানিয়েছে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ৪৩ কোটি ৪০ লাখ ডলার প্রয়োজন। চলতি মাসের মাঝামাঝি নাগাদ এ অর্থের মাত্র ২৩ শতাংশ পাওয়া গেছে।