মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী আইএসের মতো অপরাধ সংঘটন করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল হোসেইন।
বুধবার যুক্তরাষ্ট্রের এনপিআর রেডিওকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
রাদ আল হোসেইন আরো বলেন, রাখাইনে রোহিঙ্গাবিরোধী সেনা অভিযানের শুরুর দিকে এতে মিয়ানমার নেত্রী অং সান সুচির কার্যালয় থেকে উৎসাহিত করা হয়েছিল।
রাখাইনের রোহিঙ্গা নিধনের ঘটনায় মিয়ানমারের নেতা অং সান সুচির নীরবতার সমালোচনায় সরব আন্তর্জাতিক সম্প্রদায়।
গত ২৫ আগস্ট থেকে সেখানে সেনাবাহিনীর হত্যা, নির্যাতন, বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় এ পর্যন্ত ৬ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এই পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল হোসেই বলেন, রাখাইনে সেনাবাহিনী আইএসের মতো অপরাধ সংঘটন করছে।
সাক্ষাতকারে তিনি আরো বলেন, ছোট শিশুর গলাকেটে ফেলার মতো নৃশংস কাজ শুধু আইএসের হাতেই সংঘটিত হতে দেখা যায়।
রাখাইনে জাতিগত নিধন চলছে কি না-এমন এক প্রশ্নের জবাবে বিশ্বসংস্থাটির মানবাধিকার কমিশনের প্রধান বলেন, শুধুমাত্র বিচারকরাই তা নিশ্চিত করতে পারবেন।
তবে জাতিগত শুদ্ধিঅভিযান বলার মতো সেখানে সব ধরনের নমুনা পাওয়া যাচ্ছে। যে প্রক্রিয়ায় এ অভিযান চালানো হচ্ছে তাতে একে পরিকল্পিত নিধনযজ্ঞই মনে হচ্ছে।
তারা নির্বাচারে মানুষ হত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ ও বাড়িঘর থেকে উচ্ছেদ চালিয়ে যাচ্ছে।