রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে চাপ দিতে জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে একটি প্রস্তাব দিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসি।
বুধবার ওআইসির পক্ষে তুরস্ক, মিসর ও ইরাককে নিয়ে সৌদি আরব প্রস্তাবটি জমা দিয়েছে।
ওই প্রস্তাবে আনান কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত নিয়োগ ও জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলকে কোনো রকম বাধা ছাড়াই কাজ করতে দেয়ার মতো কয়েকটি পদক্ষেপের কথা বলা আছে।
গত ২৯ সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে কিছু সুপারিশ করেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস।
ওআইসির প্রস্তাবে মহাসচিবের ওইসব সুপারিশের কথা বলা হয়েছে— এর পাশাপাশি মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইন পর্যালোচনাসহ মিয়ানমারের সাম্প্রতিক অঙ্গীকারকে বিবেচনায় নেয়ার কথাও বলা হয়।
ওআইসির প্রস্তাবটি নিয়ে আলোচনা শেষে এ মাসের দ্বিতীয়ার্ধে ভোটাভুটির কথা রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।