মিয়ানমারের রাজধানীর নেপিদোতে মঙ্গলবার মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী-বিজিপি ও বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী-বিজিবির মধ্যে ৪ দিনের সম্মেলন শুরু হচ্ছে।
এতে মিয়ানমার পুলিশ ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মায়ো সুয়ি উইনের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। বিজিপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মাদক নিয়ন্ত্রণ ও কাস্টম বিভাগের কর্মকর্তাদেরও থাকার কথা রয়েছে।
আর বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবি কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কোস্ট গার্ডের কর্মকর্তারা থাকবেন।
এ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত লঙ্ঘন, অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত এলাকায় নির্বিচারে গুলি চালানো, ভূমি ও আকাশসীমা লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।