আফ্রিকার কঙ্গোর উত্তর কিভো এলাকায় বিদ্রোহীদের হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ১৪ সদস্য ও দেশটির বিমান বাহিনীর পাঁচ সদস্যসহ মোট ১৯ জন নিহত হয়েছেন। এতে প্রায় ৫২ শান্তিরক্ষী আহত হয়েছেন।
বিবিসি সূত্র মতে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির পূর্বাঞ্চলে সেমুলিকি শহরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে এ হামলা চালনো হয়। উত্তরাঞ্চলীয় কিভু প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ হামলায় কঙ্গোর সামরিক বাহিনীর পাঁচ সদস্যও নিহত হয়েছেন।
এ হামলার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, সাম্প্রতিক সময়ে শান্তিরক্ষীদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা এটি। এ হামলাকে তিনি ‘যুদ্ধাপরাধের’ শামিল বলেও উল্লেখ করেছেন।
তিনি আরো বলেন, শান্তিরক্ষীদের উপর হামলাকারীদের কোনো ছাড় দেয়া হবে না।
কঙ্গোর মনোস্কোর জাতিসংঘের মিশন প্রধান মামান সিদিকৌ এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে বলেন, সন্ত্রাসী হামলার সমুচিন জবাব দেয়া হবে। একইসঙ্গে দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করা হবে।
এদিকে, এক টুইট বার্তায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্য পিয়েরে ল্যাকরোইক্স বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর আরো সদস্যকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পূর্বাঞ্চলীয় কঙ্গোর নিয়ন্ত্রণ নিতে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী লড়াই চালিয়ে যাচ্ছে।