যুক্তরাষ্টে নিউইয়র্কের কেন্দ্রস্থল ম্যানহাটনের বাস টার্মিনালে বোমা হামলার ঘটনায় আটক ব্যক্তি বাংলাদেশি বলে জানিয়েছে পুলিশ। সোমবার স্থানীয় সময় সকালে অফিস যাত্রার সময় বাস টার্মিনালে বিস্ফোরণের পরপরই ওই ব্যক্তিকে আহত অবস্থায় গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তার কাছ থেকে পাইপ, বিভিন্ন ধরনের তার ও ডিভাইস জব্দ করা হয়েছে, যা তার শরীরে পাইপ-বোমার মতো করে বাঁধা ছিল। তবে বোমাটি খুব উন্নত প্রযুক্তির ছিল না।
নিউইয়র্ক পুলিশ বলছে, ২৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম আকায়েদ উল্লাহ, তিনি ব্রুকলিনের বাসিন্দা। কাজ করেন একটি ইলেকট্রিকের দোকানে। ধারণা করা হচ্ছে, বোমাটি সেখানেই তৈরি। তিনি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ওই হামলা চালান। আকায়েদ ৭ বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকায়েদ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, প্রতিশোধ নিতে এ হামলা চালিয়েছেন তিনি। বিস্ফোরণে আকায়েদ ছাড়া আরো ৪ জন আহত হয়েছেন। তবে কারো অবস্থা গুরুতর নয়।
এদিকে, নিউইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালে বিস্ফোরনে জড়িত সন্দেহে আটক বাংলাদেশি আকায়েদ উল্লাহর বাড়ি সন্দীপের মুসাপুর ইউনিয়নে বলে জানা গেছে। মুসাপুর ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছেন আকায়েদের বাবার নাম সানাউল্লাহ।
তবে ২০ বছর পর্যন্ত বাংলাদেশে থাকলেও সে খুব পরিচিত নয় এলাকায়, কারন তার বেড়ে ওঠা ঢাকার হাজারিবাগে। সেখান থেকে ২০১১ সালে চলে যায় যুক্তরাষ্ট্রে।
জানা গেছে পুলিশ তার পরিবারকে খুঁজছে, এখনো পর্যন্ত কারও সন্ধান পাওয়া যায়নি। চলতি বছরের ৮ সেপ্টেম্বর আকায়েদ শেষবারের মতো বাংলাদেশে এসেছিল।
এদিকে, তার ব্যাপারে বাংলাদেশে কোনও অপরাধমূলক রেকর্ড নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি একেএম শহীদুল হক। যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দাবি- আকায়েদ জঙ্গিগোষ্ঠি আইএস দ্বারা অনুপ্রাণিত। কিন্তু তার সঙ্গে আইএসের সরাসরি কোন যোগাযোগ ছিল না।
স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাষ্টে নিউইয়র্কের ম্যানহাটনে অফিস যাত্রার সময় বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটে। এর পরপরই আকায়েদকে আহত অবস্থায় গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।