ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন রাহুল গান্ধী।
শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক জনসভায় মা সোনিয়া গান্ধীর কাছ থেকে কার্যভার বুঝে নেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে রাহুল বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশকে এগিয়ে নিয়েছিল কংগ্রেস। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার দেশকে পিছিয়ে দিচ্ছে।
এ সময় তিনি সরকারি কার্যক্রম ও দেশ পরিচালনাকে মধ্যযুগীয় বলেও অ্যাখ্যা দেন। কংগ্রেস হবে বৃদ্ধ ও তরুণ সবার দল উল্লেখ করে রাহুল গান্ধি কংগ্রেসকে আরো এগিয়ে নিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দায়িত্ব গ্রহণকালে রাহুল গান্ধিকে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়। সে সময় মঞ্চে ছিলেন সোনিয়া গান্ধি ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।