ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির সভাপতির দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জনসভায় মা সোনিয়া গান্ধীর কাছ থেকে দলের সভাপতির দায়িত্বভার বুঝে নেন রাহুল।
নেতাকর্মীদের উদ্দেশে দেয়া বক্তব্যে রাহুল বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশকে এগিয়ে নিয়েছিল কংগ্রেস। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার দেশকে পিছিয়ে দিচ্ছে।
এ সময় তিনি সরকারি কার্যক্রম ও দেশ পরিচালনাকে মধ্যযুগীয় বলেও অভিযোগ করেন।
কংগ্রেস তরুণ-বৃদ্ধ সবার দল উল্লেখ করে কংগ্রেসকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
দায়িত্ব গ্রহণকালে রাহুল গান্ধীকে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।
গত ২০১৪ সালে মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বাড়ছে বলে বিভিন্ন মহলের অভিযোগ। আন্তধর্মীয় সহনশীলতা কমেছে, বিশেষ করে গো-রক্ষার নামে বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর হামলার ঘটনা বাড়ছে। রাহুল গান্ধী সেদিকে ইঙ্গিত করেই মোদির সমালোচনা করেন।
রাহুল গান্ধী বলেন, ‘বিজেপি ঘৃণা ও সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে— আমরা গড়ি আর তারা ভাঙে, তারা আগুন জ্বালায়, আমরা তা নেভাই।
কংগ্রেসের এ সভাপতি বলেন, ‘দেশের পররাষ্ট্রনীতি এখন বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। এক নেতা এবং তার ভাবমূর্তির অনুগত হয়ে যাচ্ছে সবকিছু। তারা (বিজেপি) আমাদের তখনই পরাজিত করতে পারবে, যখন আমরা পিছিয়ে যাব। কিন্তু কংগ্রেস তো পিছপা হবে না।’
১৯৯৮ সালে দলের ভার বর্তায় সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধীর ওপর। সোনিয়া সেই থেকে দলপ্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল দায়িত্ব হস্তান্তরের সময় তিনি বলেন, ‘রাহুল আমার সন্তান। তার প্রশংসা করাটা আমার জন্য সমীচীন হবে না। তার প্রকৃত পরীক্ষার সময় আমি কেবল এতটুকু বলতে পারি, ক্ষমতায় থাকা ভয়ংকর লোকদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে সে।