জেরুসালেম ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশন বসছে আজ (বৃহস্পতিবার)। ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুসালেমকে ট্রাম্পের স্বীকৃতি বাতিলে জাতিসংঘের খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর পর কয়েকটি আরব ও মুসলিম দেশ এই অধিবেশন ডাকার অনুরোধ জানায়।
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত রিয়াদ মনসুর জানান, সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্পের স্বীকৃতি বাতিলের খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। মিসরের উত্থাপিত ওই খসড়া প্রস্তাবটি সোমবার নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটোতে নাকচ হয়ে যায়। সাধারণ পরিষদে প্রস্তাবটি ব্যাপক সমর্থন পাবে বলে আশা করছে ফিলিস্তিন।
এদিকে, জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি এক টুইট বার্তায় এ বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যেসব দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেবে তাদেরকে যুক্তরাষ্ট্র দেখে নেবে।