কাতালোনিয়ায় আঞ্চলিক নির্বাচনে স্বাধীনতাপন্থী দলগুলো আবারো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আগাম এ নির্বাচনে জয়ের পর স্পেনকে নতুন করে আলোচনার আহ্বান জানিয়েছেন আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পুজদেমন।
তিনি বলেন, এ বিষয়ে তিনি ব্রাসেলসে বৈঠক করতে চান, যেখানে স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন বরখাস্ত হওয়া এ কাতালান প্রেসিডেন্ট।
বেলজিয়ামে পুজদেমন আরো বলেন, সংলাপে বসার এখনই সঠিক সময়। এদিকে, পরবর্তী পদক্ষেপ কী হবে এ নিয়ে স্প্যানিশ সরকারও নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।
স্পেন থেকে স্বাধীনতাকামী দলগুলো বৃহস্পতিবারের ভোটে আঞ্চলিক পার্লামেন্টের ১৩৫ আসনের মধ্যে ৭০টিতে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আর ২৫ শতাংশ ভোট পেয়ে মাত্র ৩৭টি আসনে জয় পেয়েছে স্পেনের সঙ্গে একতাপন্থী দল সিটিজেনস পার্টি।
এর আগে গত অক্টোবরে স্বাধীনতার প্রশ্নে কাতালোনিয়ার গণভোটকে অবৈধ আখ্যা দিয়ে আঞ্চলিক পার্লামেন্ট ভেঙে দেয় মাদ্রিদ সরকার।এরপর সেখানে সরাসরি শাসন জারি করা হয়।