রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ মস্কোর কুটুজোভস্কি অ্যাভিনিউতে সোমবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাসে ঢুকে পড়ায় ৫ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টুইটা বার্তায় জানিয়েছেন, নিহত ও আহতদের কাছে জরুরিসেবা সরবরাহ করা হচ্ছে।
বিবিসি সূত্র মতে, রাজধানীর ব্যস্ততম রাস্তায় দ্রুতগতিতে চলার সময় হঠাৎ বাসটির গতিপথ পরিবর্তন করা হয়। গতি বাড়িয়ে আন্ডারপাসের মধ্যে ঢোকার আগে কিছু ক্ষণের জন্য বাসটি থামে। তবে বাসটি নির্ধারিত রুটেই চলছিল। হঠাৎ এটির গতি বেড়ে যায় এবং ফুটপাত পার হয়ে আন্ডারপাসে ঢুকে পড়ে। এতে যাত্রীদের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও তাদের একজন জানিয়েছেন।
দুর্ঘটনার পর বাসচালক ভিক্টর টিখোনোভকে আটক করা হয়েছে। আহত হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এদিকে, দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মস্কো শাখা জানিয়েছে, বাসটিতে কোনো সমস্যা ছিল না।