বিশ্ব নেতাদের হুমকি-ধামকি পরোয়া না করেই একের পর এক পারমাণবিক পরীক্ষা ও কর্মসূচি চালিয়ে যাওয়ায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে ক্রমান্বয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা জারির পর মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেতৃত্বদানকারী দুই কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এদিকে, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থার প্রস্তাব দিয়েছে রাশিয়া।
আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করে চলতি বছর বেশ কয়েকবার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
গত ২৯ নভেম্বর উত্তর কোরিয়া সর্বশেষ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এ জের ধরে গত শুক্রবার দেশটির ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
ওই নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়ায় পেট্রোল সরবরাহ ৯০ শতাংশ কমানোর পদক্ষেপ নেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে কর্মরত উত্তর কোরীয় প্রবাসী শ্রমিকদের ১২ মাসের মধ্যে স্বদেশে ফেরত পাঠানোর কথাও বলা হয়েছে।
এছাড়া উত্তর কোরিয়ার বৈদ্যুতিক ও অন্যান্য যন্ত্রপাতির মতো পণ্য রপ্তানি নিষিদ্ধের পদক্ষেপও রয়েছে।
এরই ধারাবাহিকতায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেতৃত্বদানকারী দুই কর্মকর্তা কিম জং সিক ও রি পিয়ং চোলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মার্কিন রাজস্ব দপ্তর এই দুই কর্মকর্তার নাম প্রকাশ করেছে।
এ নিষেধাজ্ঞার ফলে এই দুই কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কোনো অর্থনৈতিক লেনদেন করতে পারবেন না এবং দেশটিতে তাদের কোনো সম্পদ থাকলে তাও জব্দ করা হবে।