তাৎক্ষণিক তিন তালাক নিয়ে আরও একধাপ এগিয়েছে ভারত সরকার।
বৃহস্পতিবার এটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে পার্লামেন্টে উত্থাপন করা হয় তিন তালাক বিল।
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন মুসলিম উইমেন (প্রোটেকশন অব রাইটস অ্যান্ড ম্যারেজ) শীর্ষক বিলটি পেশ করেন।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, এই বিল নারীদের জন্য ধর্মের জন্য নয়।
পার্লামেন্টে এ বিলের বিরোধিতা করেন মজলিসে এত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ও পার্লামেন্ট সদস্য ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি।
তিনি দাবি করেন, এই বিল মুসলিমদের মৌলিক অধিকার খর্ব করছে।
বিলে মৌখিক, লিখিত, ই-মেল করে, এসএমএস করে বা হোয়াটসঅ্যাপে তিন তালাক নিষিদ্ধ করা হচ্ছে।
বিলটি পাস হলে মুখের কথায়, লিখিতভাবে এবং ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে বা যেকোনো উপায়ে শুধু কয়েকটি শব্দ ব্যবহার করেই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করা যাবে না।
বিলে আরও উল্লেখ করা হয়েছে, তিন বার 'তালাক' শব্দটি উচ্চারণ করে স্ত্রীকে ডিভোর্স দিলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
এ প্রথা সাংবিধানিক নৈতিকতা ও লিঙ্গ সাম্যের আদর্শ লঙ্ঘন করছে বলে বিলে জানিয়ে দেয়া হয়।
যদিও বিলটি পাস পেশ করার সঙ্গে সঙ্গে একাধিক মুসলিম সংগঠন এর বিরোধিতা শুরু করে। সূত্র: জি-নিউজ