ভারতের মুম্বাইয়ে কমলা মিলস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ আগুনের ঘটনা ঘটে।
এনডিটিভি সূত্র মতে, মধ্য মুম্বাইয়ের লোয়ার পারেল এলাকার বাণিজ্যিক হাব কমলা মিলস ভবনের একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত। আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে তা আশপাশের রেস্তোরাঁ ও অফিস ভবনে ছড়িয়ে পড়ে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কমপক্ষে ১৫ জন মারা গেছেন। এছাড়া অনেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। তাদের নিয়ে যাওয়া হয়েছে কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দমকাল বিভাগ জানিয়েছে, এখানকার বেশিরভাগ রেস্তোরাঁয় অগ্নিনির্বাপণ সংক্রান্ত নিয়মকানুন মানা হয় না, সে কারণে এত তাড়াতাড়ি আগুন ছড়িয়ে যায়। ওই ভবনে কয়েকটি টিভি চ্যানেলের অফিস রয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ায় এসবের সম্প্রচার বন্ধ রয়েছে।