কোস্টরিকার পশ্চিমাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ মার্কিন নাগরিকসহ ১২ জন মারা গেছেন।
বিমানটির পাইলট ও কো পাইলটও মারা গেছেন।
স্থানীয় সময় রোববার বিকেলে দেশটির গুয়ানাকাস্তে প্রদেশের সৈকত শহর পুন্তা ইসলিতার অদূরে এ দুর্ঘটনা ঘটে।
কোস্টারিকার সিভিল এভিয়েশন এজেন্সির পরিচালক এনিয়ো কুবিল্লো জানান, স্থানীয় কোম্পানি নেচার এয়ারের সেসনা ২০৮বি গ্রান্ড ক্যারাভান বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানের কোনো আরোহী বেঁচে নেই। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ নির্ণয় করা সম্ভব হয়নি।
ঘটনার দিন সকালে তীব্র বাতাসের কারণে বিমানটির পাইলটরা ভ্রমণপথ পরিবর্তনে বাধ্য হন। তবে সে যাত্রায় তারা সান হোসে থেকে নিরাপদে পুন্তা ইসলিতায় পৌঁছান।
এর আগে নেচার এয়ারের আরেকটি বিমান পুন্তা ইসলিতা থেকে ১০ যাত্রী নিয়ে নিরাপদে সান হোসে পৌঁছায়। এর ২০ মিনিট পর দুর্ঘটনায় পড়া বিমানটি ১০ যাত্রী ও দুই পাইলট নিয়ে রওনা হয়।
কোস্টা রিকার নিরাপত্তামন্ত্রী গুস্তাভো মাতা জানান, নিহতদের শরীর একেবারেই পুড়ে গেছে। তাই তাদের পরিচয় ও মোট সংখ্যা নির্ধারণে ময়নাতদন্ত প্রয়োজন হবে।
কোস্টরিকার সাবেক প্রেসিডেন্ট লরা চিনচিল্লা এক টুইটে জানান, নিহত দুই পাইলটের মধ্যে একজন তার কাজিন। ওই বিমান দুর্ঘটনায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
সূত্র: বিবিসি, সিএনএন, রয়টার্স।