শীতকালীন অলিম্পিক নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনায় উত্তর ও দক্ষিণ কোরিয়া।
গত দুই বছরের মধ্যে এই প্রথম আলোচনায় দুই কোরিয়া। দুই দেশের সীমান্তবর্তী যুদ্ধবিরত গ্রাম পানমুনজমের ‘পিস হাউসে’ এ আলোচনা শুরু হয়। আলোচনায় দুই কোরিয়ার ৫ জন করে প্রতিনিধি অংশ নিয়েছেন।
বিবিসি সূত্র মতে, এ আলোচনায় আগামি ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের বিষয়টি প্রাধান্য পাবে।
আর দক্ষিণ কোরিয়া বলছে, এ আলোচনার মধ্য দিয়ে দুই কোরিয়ার মধ্যে আন্তসম্পর্কের উন্নয়ন ঘটবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে আলোচনার পর থেকেই দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা ক্রমাগতভাবে বেড়ে চলেছে। পারমাণবিক দ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সঙ্গে যৌথ অর্থনৈতিক প্রকল্প বাতিল করে দক্ষিণ কোরিয়া।
এ ঘটনার পর থেকেই সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্কে ভাঙন ধরে। দক্ষিণ কোরিয়ার এমন আচরণের পর টেলিফোন লাইন কেটে দেয়াসহ তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে উত্তর কোরিয়া।