দক্ষিণ আফ্রিকার একটি সোনার খনিতে আটকে পড়া ৯৫৫ শ্রমিকের উদ্ধারে অভিযান চলছে। গত বুধবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ওই শ্রমিকেরা আটকা পড়েন।
খনি পরিচালনা প্রতিষ্ঠানের একজন মুখপাত্র জানিয়েছেন, শ্রমিকদের উদ্ধারে শুক্রবার সকালে একটি লিফটে বিদ্যুতের সংযোগ দেয়া সম্ভব হয়েছে। গত বৃহস্পতিবার আটকেপড়া শ্রমিকদের কাছে খাদ্য-পানীয় সরবরাহ করা সম্ভব হয়েছে।
জোহানেসবার্গ থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওয়েলকোম শহরে এ বিট্রিক্স খনিটি অবস্থিত। সাইবনানি-স্টিলওয়াটার নামের একটি কোম্পানি খনিটির তত্ত্বাবধানে রয়েছে। খনিটির ২৩ স্তর রয়েছে এবং ভূমি থেকে এটি প্রায় এক হাজার মিটার গভীরে।
ঝড়ের কারণে বৈদ্যুতিক পাইলন বন্দ হয়ে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার এ শিল্পে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রায়ই প্রশ্ন উঠে।